বাংলাদেশ মধ্যাহ্নভোজে গিয়েছিল অস্বস্তি নিয়ে। চালকের আসনে ছিল জিম্বাবুয়ে। কিন্তু দিনের দ্বিতীয় সেশন শুরুর পর চিত্রটা একেবারে ভিন্ন।
সাকিবের ঘূর্ণিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দ্রুতই দুই উইকেট তোলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন দেশ সেরা অলরাউন্ডার। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই আরও তিন উইকেট হারিয়ে বসেছে জিম্বাবুয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৯১ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৯ রান করেছে স্বাগতিকেরা। ব্যাটিংয়ে আছেন কাইতানো (৮১) ও উইকেটরক্ষক রেগিস চাকাবা (৬)। জিম্বাবুয়ে এখনো পিছিয়ে আছে ২২৯ রানে।
দ্বিতীয় সেশন শুরু করে তাকুজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়ার্সের জুটি ভাঙেন সাকিব। হারারে টেস্টের তৃতীয় দিনে মধ্যাহ্নভোজে যাওয়ার আগে বাংলাদেশের যা একটু স্বস্তি ছিল ব্রেন্ডন টেলরকে ফেরানো। উইকেটে গেড়ে বসে দ্রুত রান তোলে নিচ্ছিলেন জিম্বাবুয়েন অধিনায়ক।
তবে বেশ কাছে গিয়েও টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি উদ্যাপন করা হয়নি তার। ৯২ বলে ৮১ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে তিনি বন্দী হন বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে।
টেলর ফিরলেও স্বস্তি নিয়ে প্রথম সেশন শেষ করা সম্ভব হয়নি টাইগারদের। উইকেটে গেড়ে বসেন অভিষেক টেস্ট খেলতে নামা ওপেনার কাইতানো ও মায়ার্স। তবে সাকিব সেই জুটিকে ভয়ঙ্কর হতে দেননি। নিজের দ্বিতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরান মায়ার্সকে (২৭)। টেলরের ফেরার পর ১৩৯ বলে ৪৯ রানের জুটি গড়েন অভিষেক টেস্ট খেলতে নামা এই দুই ব্যাটসম্যান।
মায়ার্সের বিদায়ের পর টিমিসেন মারুমাকে (০) নিজের তৃতীয় শিকার বানান সাকিব। পরের ওভারে রয় কাইয়াকে (০) ডাক উপহার দেন তাসকিন আহমেদ।
জিম্বাবুয়ে দিন শুরু করে ১ উইকেটে ১৪১ রান নিয়ে। কাইতানো ৩৩ ও টেলর ৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন। তৃতীয়দিনে এসে দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। তার মধ্যে অভিষেকেই ফিফটি কাইতানোর।
মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানের ঝকঝকে ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৬৮ রান। দ্বিতীয়দিনে প্রথম ইনিংস শুরু করা জিম্বাবুয়ের একমাত্র উইকেটটি নেন সাকিব আল হাসান।
