শ্রমিকদের অবহেলার কারণেও আগুন লাগতে পারে: আবুল হাসেম

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৭:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যুর ঘটনায় কারখানাটির চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম বলেছেন, শ্রমিকদের অবহেলার কারণেও আগুন লাগতে পারে।

সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম বলেন, জীবনে বড় ভুল করেছি ইন্ডাস্ট্রি করে। ইন্ডাস্ট্রি করলে শ্রমিক থাকবে। শ্রমিক থাকলে কাজ হবে। কাজ হলে আগুন লাগতেই পারে। এর দায় কি আমার?

শুক্রবার দুপুরে তার কারখানায় আগুন লেগে শ্রমিকদের মৃত্যুর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল হাসেম এসব বলেন।

তিনি বলেন, ‘আমি তো আর যেয়ে আগুন লাগিয়ে দেইনি। অথবা আমার কোনো ম্যানেজার আগুন লাগায়নি। শ্রমিকদের অবহেলার কারণেও আগুন লাগতে পারে।’

তিনি বলেন, ‘এখন যারা বিক্ষোভ করছে, তারা কেউ শ্রমিক না। তারা বহিরাগত।’

মোহাম্মদ আবুল হাসেম আরও বলেন, ‘এখানে সাতটি ভবনে কাজ হয়, কিন্তু আগুন লেগেছে মাত্র একটিতে। পুরো ফ্যাক্টরিতে ৬০০-৭০০ শ্রমিক কাজ করে।’

আগুন লাগার সময় ওই ভবনে কতজন কাজ করছিল জানতে চাইলে সজীব গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘সেটা এ মুহূর্তে বলা সম্ভব না। কারণ অনেকগুলো ইউনিট বন্ধ ছিল।’

আগুন লাগার কারণ হিসেবে তিনি বলেন, ‘যেহেতু নিচের তলায় কার্টুন রাখা ছিল এবং বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ ছিল, তাই হয়তো আগুনের এই ভয়াবহতা। নিচের তলার কার্টুন থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। ওপরের তলাগুলোতে বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি ছিল। যেহেতু খাবারের আইটেম তৈরি হয়, তাই বহু ধরনের দাহ্য পদার্থ ছিল। সেটা হয়তো আগুনের ব্যাপকতা বাড়িয়েছে।’

কারখানায় আগুন লেগে হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন কিনা জানতে চাইলে মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আমি যাইনি, তবে আমার লোকজন সেখানে আছে। যারা মারা গেছেন, তারা তো আমারই ছেলে-মেয়ে। আমি খুব ভেঙে পড়েছি।’

তিনি বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার ছেলে-মেয়েদের পাশে থাকতে। এটা একটা দুর্ঘটনা। ফ্যাক্টরির সবগুলো ইউনিট চালু ছিল না। লোকজন কম ছিল। তারপরেও যারা ছিল, তারা সবাই চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু পারেনি।’

ভবনটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিল বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিন্তু ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় ১৬ ঘণ্টা পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে। শ্রমিক নিহত এবং আগুন নেভাতে দেরির ঘটনায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তারা সংরক্ষণাগার থেকে তিনটি শটগান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে আনসার কর্তৃপক্ষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত