ব্রাজিলে জন্ম না হলে আর্জেন্টিনাকে সমর্থন করতেন নেইমার। কোপা আমেরিকা ফাইনালের আগে এক বার্তায় মেসির ফুটবলের গুণমুগ্ধ এমনটাই বলেছেন এই ব্রাজিলিয়ান। ২০১০-এ অভিষেক হলেও এই প্রথম খেলতে যাচ্ছেন কোপার ফাইনাল। তাই প্রথম শিরোপা জিততে নিজেকে উজাড় করে দেবেন বলে জানিয়েছেন তিনি।
২০১৩ সালে ব্রাজিলের হয়ে মারাকানায় ফিফা কনফেডারেশন্স কাপ জিতেছেন নেইমার। কিন্তু ২০১৯-এর সর্বশেষ কোপায় খেলতে পারেননি চোটের কারণে। সেই দুঃখ মনে করে বলেছেন, ‘আমি অনেক কিছু সয়েছি (২০১৯ সালে), তবে দৃঢ়ভাবে সবকিছু সামলেছি। মনে হতো এই সময় তো আমার মাঠে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি বাইরে বসেছিলাম। এটা (এবার) আমার প্রথম কোপা আমেরিকা ফাইনাল হতে যাচ্ছে, আর এটি জিততে আমি আমার সবটুকু উজাড় করে দেব।’
বয়সে পাঁচ বছরের ছোট যদিও, কিন্তু বার্সেলোনায় একসঙ্গে খেলা থেকে মেসির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে। অনেক ম্যাচ তারা দুজনে মিলিয়ে জিতিয়েছেন। সেই থেকে মেসির খেলায় মুগ্ধতা নেইমারের, ‘আমি সব সময়ই বলি আমার দেখা সেরা খেলোয়াড় সে। দারুণ বন্ধু ও আমার। তবে এখন যেহেতু আমরা ফাইনালে প্রতিপক্ষ, আমি চাই শিরোপা জিততে। সেও প্রথম শিরোপার জন্য লড়বে। আমি জানি, আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার জন্যই সে অনেক লড়াই করেছে। ব্রাজিলিয়ান না হলে সব সময় আর্জেন্টিনাকেই সমর্থন করতাম।’
ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালকে সুপার ক্লাসিকো বলা হয়। এমন ফাইনাল খেলার স্বপ্ন প্রতিটি ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ফুটবলারের থাকে। নেইমারের বেলায়ও তাই, ‘এই ফাইনালে খেলার স্বপ্ন আমি সব সময় দেখে আসছি। এটা এমন এক ফাইনাল, কোপা আমেরিকায় যেটা উপভোগ করার আশা প্রত্যেক ফুটবলপ্রেমী করে।’
