আফগানিস্তান থেকে সব সেনা ফিরিয়ে নিল অস্ট্রেলিয়া

আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:৩৭ পিএম

আফগানিস্তান থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবিবার দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে দেশটির অংশগ্রহণের অবসানের খবর নিশ্চিত করে এ কথা বলেন। খবর এএফপি’র।

গত এপ্রিলে অস্ট্রেলিয়া ঘোষণা দেয়, দেশটি আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তানে থাকা তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নেবে।

সংঘাতপূর্ণ এ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অবসানে ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যানবেরা এ ঘোষণা দেয়।

প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন স্কাই নিউজ’কে বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০ শতাংশ সেনা ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে’ আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আপাতত এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে।’

আফগানিস্তানে তালেবান ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে গত ২০ বছরে দেশটিতে অস্ট্রেলিয়া ৩৯ হাজার সেনা মোতায়েন করেছিল।

রক্তক্ষয়ী এ মিশনে অস্ট্রেলিয়ার কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয় এবং দেশটির ৪১ সেনা প্রাণ হারায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত