বগুড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২১, ০১:৪৪ পিএম

বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোন মারা গেছে। রবিবার সকাল সাড়ে ১১টায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত জেমি খাতুন (১০) ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে ও মিম খাতুন (১০) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও মৃত দুই বোনের স্বজনরা জানান, মিমের বাবা-মা ঢাকায় গার্মেন্টসে কাজ করার কারণে সে নানির কাছে থাকতো।

রবিবার সকালে মিম ও তার মামতো বোন জেমিসহ সমবয়সী কয়েকজন মিলে ওই পুকুর পাড়ে খেলতে যায়। একপর্যায়ে পা পিছলে জেমি পুকুরে পড়ে গেলে মিম তাকে তুলতে পুকুরে নামে।

এ সময় দুজনই পুকুরে ডুবে যায়। তাদের সাথে থাকা অন্যরা চিৎকার শুরু করলে এলাকাবাসী ও তাদের স্বজনরা গিয়ে পুকুর থেকে দু'জনের মরদেহ উদ্ধার করে।

ভাটারা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূলত জাহিদুলের বাড়ি তৈরির জন্য মাটি কেটে গর্ত করা জায়গায় পানি জমে পুকুরে পরিণত হয়েছে। গর্ত অনেকটা গভীর হওয়ার কারণে তারা উঠতে না পেরে ডুবে মারা যায়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত দু'জনের পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ দাফনের অনুমতি দেয়া হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত