ময়মনসিংহে টিসিবির ট্রাকের সামনে দীর্ঘ লাইন

আপডেট : ১১ জুলাই ২০২১, ১১:৩৮ পিএম

করোনা পরিস্থিতিতে ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষ কিছুটা কম দামে পণ্য কিনতে ভিড় করছেন টিসিবির ট্রাকের সামনে। লকডাউনের মধ্যেও টিসিবির ট্রাকে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ পণ্য কিনছেন।

তবে ক্রেতার চাহিদার চেয়ে টিসিবির পণ্যের বরাদ্দ কম থাকায় কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে পণ্য কিনতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ক্রেতারা ট্রাকের সংখ্যার পাশাপাশি পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানান।

টিসিবির ডিলাররা জানান, স্বাস্থবিধি মেনে দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির চেষ্টা করছেন তারা। কিন্তু অতিরিক্ত ক্রেতার চাপে লাইনে স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছেন তারা।

ময়মনসিংহ টিসিবির আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান বজলুর রশীদ জানান, ট্রাকের সংখ্যা ও পণ্য বরাদ্দ আপাতত বাড়ানো সম্ভব হবে না। করোনা স্বাস্থ্যবিধি মেনে খোলা ট্রাকে পণ্য বিক্রির জন্য ডিলারদের নির্দেশনা দেওয়া আছে। কিন্তু বর্তমানে ক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় ডিলারদের পণ্য বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা ও করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহের জন্য ৫ জুলাই থেকে ময়মনসিংহ শহরের ৮টি পয়েন্টে ও প্রতিটি উপজেলায় দুটি করে পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি চালু করেছে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি); যা ঈদের কয়েক দিন ছুটি বাদে ২৯ জুলাই পর্যন্ত চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত