কমলগঞ্জে ঘরে ঘরে সর্দি কাশি জ্বরের রোগী

আপডেট : ১২ জুলাই ২০২১, ০১:৪১ এএম

মৌলভীবাজাররে কমলগঞ্জে গত এক সপ্তাহ ধরে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। স্থানীয়ভাবে চিকিৎসকদের চেম্বারে গিয়ে চিকিৎসাসেবা নিলেও আক্রান্ত রোগীদের মধ্যে করোনা পরীক্ষার নমুনা দিতে কারোর আগ্রহ নেই।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ বাড়িঘরেই সর্দি-কাশি, জ্বর ও মাথাব্যথার রোগী রয়েছেন। বাড়িঘরের একজন এসব রোগে আক্রান্ত হলে পর্যায়ক্রমে পুরো বাড়ির মানুষজন আক্রান্ত হচ্ছেন।

শমসেরনগরের স্কুল শিক্ষিকা ফাতেমা রাব্বি বলেন, তার বাড়িতে প্রথমে ছোট বোন সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে গত তিনদিন আগে তিনিসহ বাড়ির বাকি সদস্যরাও আক্রান্ত হয়েছেন। বাজারে এসে প্রাইভেট ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে গেছেন। ভানুগাছের আঁখি সুলতানা জানান, বাড়িতে মা প্রথমে সর্দি ও জ্বরে আক্রান্ত হন। দুদিন থেকে তিনিও জ¦রে আক্রান্ত। বর্তমানে প্রাইভেট ডাক্তারের ওষুধ খাচ্ছেন। করোনার নমুনা পরীক্ষা করাতে চান না তারা।

শমসেরনগরের প্রাইভেট চিকিৎসক শ্যামলেন্দু সেন শর্মা ও পিন্টু দেবনাথ বলেন, এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষজন। সব বয়সীরাই এ রোগে আক্রান্ত হচ্ছেন। এগুলোতে আবার করোনার নমুনার শঙ্কা থেকে যায়। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিলে ভালো। তবে আগত রোগীদের করোনার নমুনা পরীক্ষা করতে আগ্রহ কম।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে এ অবস্থায় সর্দি, কাশি, জ্বর ও মাথাব্যথায় রোগীরা আক্রান্ত হতে পারেন। এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা রোগের ধরন। ভয়ের কোনো কারণ নেই। এ-সময় বেশি করে পানি পানের সঙ্গে আমসহ দেশীয় ফল খেতে হয়। লেবুর শরবত খেলেও ভালো। করোনার নমুনা পরীক্ষা করে নিলে ভালো, কিন্তু রোগীরা করোনার কোনো নমুনা দিতে আসছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত