রাজনগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:৪১ এএম

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছালেক মিয়াকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

দুর্নীতির অভিযোগে মৌলভীবাজার জেলা প্রশাসনের সুপারিশে থাকে বহিষ্কার করা হয়।

কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মন্ত্রণালয়।

১১ জুলাই স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আবু জাফর স্বাক্ষরিত নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের অধিগ্রহণকৃত ভূমিতে সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় মৌলভীবাজারের জেলা প্রশাসকের সুপারিশে জনস্বার্থে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া জানান, আমাকে হেয় করার জন্য আমার প্রতিপক্ষ এই কাজ করেছে। আমি কোনো অন্যায় করিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, ঘটনাটি শুনেছি কিন্তু এখনো অফিসিয়ালি কাগজপত্র আমার এসে পৌঁছায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত