প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান গেইলের

আপডেট : ১৩ জুলাই ২০২১, ১২:০২ পিএম

টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলকের চূড়ায় উঠেছেন ক্রিস গেইল। তার ইতিহাস গড়ার দিনে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে ক্যারিবীয়রা।

মিচেল স্টার্কের বলে ওপেনার আন্দ্রে ফ্লেচার ফেরার পর ব্যাট করতে নামেন গেইল। এরপর রিলে ম্যারেডিথের তৃতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরার আগে ড্যারেন সামি স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালান ‘জ্যামাইকান ঝড়’। ৩৮ বলে ৪ চার ও ৭ ছয়ে ১৭৬.৩১ স্ট্রাইক রেটে করেন ৬৭ রান।

সেই সঙ্গে সব প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মালিক হওয়ার ইতিহাস গড়লেন গেইল। এই রেকর্ড গড়ার পথে পেলেন সীমিত ওভারের ক্রিকেটের ১৪তম ফিফটি এবং ২০১৬ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম।

ইনিংসের ১২তম ওভারে ম্যারেডিথকে পরপর দুই বলে ছক্কা হাঁকানোর পরের বলে উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের গ্লাভস বন্দী হন গেইল। ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় উইন্ডিজ।

এই ম্যাচে ‘ইউনিভার্স বস’ সবচেয়ে বেশি ভুগিয়েছেন অ্যাডাম জাম্পাকে। অজি স্পিনারের এক ওভারেই নেন ২২ রান। তার মধ্যে এক চারের পাশাপাশি মেরেছেন টানা তিন ছয়। সেই সঙ্গে পৌঁছে যান অর্ধ-শতকে। জাম্পারই করা ৮.১ ওভারের সময় ছক্কা মেরে ১৪ হাজার রানের মাইলফলকে পা রাখেন গেইল।

টি-টোয়েন্টিতে ৪৩১ ম্যাচে ৪২৩ ইনিংসে ৩৭.৬৩ গড় ও ১৪৬.১৮ স্ট্রাইক রেটে ৪১ বছর বয়সী ব্যাটসম্যানের বর্তমান রান ১৪০৩৮। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৭৫। ৮৭ ফিফটির পাশাপাশি রয়েছে ২২ সেঞ্চুরি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৮ ম্যাচে ৬৪ ইনিংসে গেইলের রান ১৭৯৬। সর্বোচ্চ স্কোর ১১৭। গড় ৩০.৪৪ ও স্ট্রাইক রেট ১৩৯.৫৪। করেছেন ২ সেঞ্চুরি ও ১৪ ফিফটি।

সেপ্টেম্বরে ৪২ বছরে পা দিতে যাওয়া গেইলকে দেখা যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত