জামালপুরে কৃষকের জালে আটকা পড়ল সাড়ে ৯ ফুট লম্বা অজগর

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৩:২৬ পিএম

জামালপুরের মাদারগঞ্জে মিলেছে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি অজগর সাপ (বার্মিজ পাইথন)। মঙ্গলবার সকালে উপজেলার তারতাপাড়ায় একটি সুপারি বাগান ঘের দেওয়া জালে আটকা পড়া অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুল আলম জানান, সকালে তারতাপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিনের বাড়ির পাশের সুপারি বাগানে ঘের দেওয়া জালে একটি প্রায় সাড়ে ৯ ফুট লম্বা অজগর সাপ আটকে থাকতে দেখে স্থানীয়রা।

তারা সাপটিকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে মাদারগঞ্জ থানায় নিয়ে আসে।

পরে শেরপুর জেলা বন্যপ্রাণি সংরক্ষণ কর্মকতাকে খবর দিলে তারা সাপটিকে সেখান থেকে নিয়ে যায়। 

শেরপুরের বন্যপ্রাণি সংরক্ষণ কর্মকর্তা মো. আল-আমিন জানান, সাপটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে শেরপুরের বালিঝুড়ি রেঞ্জের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

সাপটি বার্মিজ পাইথন জাতের। এটি লম্বায় ৯ ফুট ৩ ইঞ্চি। সাপটির বয়স আনুমানিক ৫/৭ বছর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত