নাটোরের গুরুদাসপুর থেকে উদ্ধারকৃত চারটি হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।
সোমবার রাত ৮টার দিকে গুরুদাসপুর পৌরসভার নাড়িবাড়ী এলাকার একটি মাঠে ওই হাতবোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
পরে বিস্ফোরিত আলামতগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায় র্যাব সদস্যরা। তবে বোমাগুলো স্থানীয়ভাবে তৈরি অল্প শক্তি সম্পন্ন বলে জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
এর আগে দুপুরে ওই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের কীটনাশকের দোকানের পাশের একটি ঝোপে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা ৪টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। বিকেলে ঢাকা থেকে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাগুলো উদ্ধার করে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কারা কি উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
