ধর্ষকের চোখে মরিচের গুঁড়া মারার পর পুলিশে ধরিয়ে দিল স্কুলছাত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৯:০১ পিএম

চট্টগ্রামে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জাহাঙ্গীর এক স্কুল শিক্ষার্থীর ছবি এডিট করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এরপর আরো দুবার ধর্ষণের চেষ্টা করলে স্কুলছাত্রী তার চোখে মরিচের গুঁড়া মেরে আত্মরক্ষা করে। পরেরবার ৯৯৯-এ ফোন করে এ বিষয়ে অভিযোগ করেন ওই ছাত্রী।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের বাসিন্দা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ১৪ বছর বয়সী ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে বিরক্ত করতো জাহাঙ্গীর। এরপর প্রতারণা ফাঁদ পাতে সে। শিক্ষার্থীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর কিছুদিন পর আবারও জাহাঙ্গীর আসে। কিন্তু তাকে দরজায় আসতে দেখেই ভুক্তভোগী মরিচের গুঁড়া নিয়ে তার মুখে মেরে দিয়ে নিজেকে আত্মরক্ষা করে। সোমবার আবার ধর্ষণের চেষ্টা করলে ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায় ওই শিক্ষার্থী। পুলিশ অভিযান চালিয়ে রাতে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত