উপজেলা চেয়ারম্যানের সেই ড্রেজার বন্ধ করল প্রশাসন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০২:৪৩ এএম

দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলের বাসাইল উপজেলা চেয়ারম্যানের সেই বাংলা ড্রেজার বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গত সোমবার বিকেলে ড্রেজারের সব সরঞ্জামাদি সরিয়ে নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর খননকাজে অবৈধ বাংলা ড্রেজার ব্যবহার করে আসছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এতে হুমকির মুখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, রাস্তা ও বিদ্যালয়ের স্থাপনা। এ নিয়ে গত ১০ জুলাই দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নজরে এলে ড্রেজারটি বন্ধের নির্দেশ দেন। এ সময় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মাহমুদ হাসানকে সরেজমিন তদন্তে পাঠান।

বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মিঞা বলেন, হঠাৎ করে সোমবার বিকেলে ড্রেজার মেশিনটি সরিয়ে নেওয়া হয়। এ সময় পুকুরের পূর্ব পাশের দিকে ভাঙন দেখা দিলে পুকুরটিতে পানি দিয়ে ভরে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ‘দেশ রূপান্তরের নিউজটি আমার দৃষ্টিতে এসেছে। সরেজমিন তদন্ত প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত