করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিলের একদিন বাকি থাকতেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ঈদের সময় ঘনিয়ে আসাতে পণ্যবাহী পরিবহনের পাশাপাশি যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পার হচ্ছে এই নৌরুট দিয়ে।
অন্যদিকে বিধিনিষেধ শিথিলের খবরে ঢাকা-আরিচা মহাসড়কেও বেড়েছে, প্রাইভেটকার, মাইক্রো, অটো রিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহন। পুলিশের চেক পোস্ট ফাঁকি দিয়ে মানুষ এ মহাসড়ক হয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশ পথ পাটুরিয়া প্রান্তে যাচ্ছে। সেখানে জরুরি যানবাহনের সাথে যাত্রীরাও নদী পার হচ্ছেন।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিলের খবরে বুধবার সকাল থেকেই ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিল। পরে পশুবাহী, জরুরি পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়লেও এ বহরে ৬টি ফেরি যুক্ত করা হয়।
