ঈদের পরের বিধিনেষেধে কারখানা চালু রাখতে চান পোশাকশিল্প মালিকেরা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১:৫৫ পিএম

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলাকালে কারখানা চালু রাখতে চান তৈরি পোশাক ও বস্ত্র খাতসহ রপ্তানিমুখী শিল্পের মালিকেরা।

সামগ্রিক অবস্থা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাজধানীর গুলশানে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পিআর অ্যান্ড মিডিয়া কার্যালয়ে বুধবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সিদ্দিকুর রহমান, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান এম শাহদাৎ হোসেন, বাংলাদেশ গার্মেন্টন্স এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি আব্দুল কাদের খান।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সংগঠনের নেতা জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠি হস্তান্তর করা হবে। চিঠিতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বিজিএপিএমইএ, বিটিটিএলএমইএ ছাড়াও এফবিসিসিআইয়ের সভাপতির স্বাক্ষর করার কথা রয়েছে।

এদিকে বিজিএমইএ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা তিনটায় বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় ঈদের পর কঠোর বিধিনিষেধে পোশাক ও বস্ত্র কারখানা খোলা রাখার বিষয়ে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত