মেসিদের কোপা জয়ে বাংলাদেশের উচ্ছ্বাস দেখে মুগ্ধ আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২:০০ পিএম

ফুটবল মানে বাংলাদেশের সমর্থকেরা বিভক্ত দুই দলে— ব্রাজিল ও আর্জেন্টিনা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকা ঘিরে আবারও এমন তর্কে-বিতর্কে মেতে উঠেছিল এই দেশের লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির সমর্থকেরা।

মারাকানার ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা। সেই সঙ্গে আক্ষেপ ঘুচে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারেরও। লা আলবিসেলেস্তেদের শিরোপা জয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকেরা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারানোয় এই দেশের আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো।

করোনার মধ্যেও বাংলাদেশের সমর্থকরা আর্জেন্টিনার পতাকা হাতে রাস্তায় আনন্দ মিছিল করেছে। আর তা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন আকাশি-নীলদের সাবেক অধিনায়ক হুয়ান পাবলো সোরিন।

২০০৬ বিশ্বকাপে তখনকার আর্জেন্টাইন কোচ এই ডিফেন্ডারের হাতে আর্মব্যান্ড পরিয়ে দিয়েছিলেন। মেসিদের কোপা আমেরিকা জয়ে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস প্রকাশের এক ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টগ্রামে।

১৯৯৫ সালে একই অভিজ্ঞতা হয়েছিল সোরিনের। কাতারে ব্রাজিলের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালেও বাংলাদেশিদের সমর্থন পেয়েছিলেন তারা। সেই কথা স্মরণ করে সোরিন লিখেছেন, ‘২৬ বছর আগে কাতারে আমরা ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলাম। দেশ থেকে অনেক দূরে ছিলাম! পরিবার, বন্ধুবান্ধব বা সমর্থকদের সঙ্গে যোগাযোগের এত প্রযুক্তি ছিল না। কিন্তু সেই স্টেডিয়ামেও আর্জেন্টিনার একটা পতাকা ছিল। আমাদের মুখে হাসি ফুটিয়েছিল সে দৃশ্য। পতাকাটার গায়ে লেখা ছিল ‘বাংলাদেশ’। কয়েকজনের একটা গ্রুপ আমাদের সমর্থনে লাফাচ্ছিল, চিৎকার করছিল।’

তিনি আরও লেখেন, ‘সে কারণে বাংলাদেশের সবাইকে আমি ধন্যবাদ ও সম্মান জানাতে চাই। যারা কিনা বিশ্বের অন্য একটা প্রান্তে রাস্তায় নেমে আমাদের কোপা আমেরিকা জয় উদ্‌যাপন করেছেন!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত