বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে করোনা সহায়ক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আমরা বিএনপির নেতাকর্মীরা ১২ বছর থেকে নির্যাতিত। খুন, গুম, মামলা-হামলায় জর্জরিত। বিএনপি নেতাকর্মীদের জেলে যাওয়া-আসা নিত্য-নৈমিত্তিক চিত্র। তারপরও আমাদের নেতাকর্মীরা সাধ্যমতো মানুষের পাশে আছে। আমরা প্রায় তিন কোটি মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। জাতীর এ দুর্বিষহ ক্রান্তিলগ্নে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন চলমান খাদ্য সহায়তার পাশাপাশি দরিদ্রদের বিনা মূল্যে করোনার ওষুধ ও মুমূর্ষু রোগিকে অক্সিজেন সেবা দেওয়ার।
টুকু বলেন, আমাদের সাধ্যের সবটুকু দিয়ে বৃহত্তর রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে মানুষের পাশে থাকতে হবে করোনা আয়ত্ত্বে আসা পর্যন্ত।
তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে এসব কার্যক্রম বেগবান করার আহ্বান জানান।
বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জিএম সিরাজের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশিদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা ড্যাবের সভাপতি ডা. শাহজাহান আলী।
জুম মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও বেলাল তালুকদার, এম আর ইসলাম স্বাধীন, খাইরুল বাসায়, তাহাউদ্দিন নাহিন প্রমুখ।
