পুলিশ কর্মকর্তার অনিয়মের সংবাদ প্রকাশ করায় আওয়ামী লীগ নেতাদের প্রতিবাদ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১০:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার এএসআই নূরুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর তদন্তে নামে স্থানীয় প্রশাসন। প্রকাশিত সংবাদের কোনো প্রতিবাদ ওই এএসআই না জানালেও জিনোদপুর ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নবগঠিত কমিটির একাংশের নেতারা। 

জানা যায়, নবীনগর থানার জিনোদপুর ইউনিয়নের বিটের দায়িত্বে থাকা এএসআই নূরুল হাকিমের বিরুদ্ধে এলাকাবাসীর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ১১ জুলাই জাতীয় দৈনিকে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর ঘটনার তদন্তে নামেন প্রশাসন। এএসআই নূরুল হাকিমের পক্ষে জিনোদপুর ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের ব্যানারে বৃহস্পতিবার দুপুরে জিনোদপুর বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলন করা হয়। পুলিশের পক্ষে জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের নেতাদের এ সংবাদ সম্মেলনে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। 

জিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো.আব্দুর রহিম। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী আকবর সরকার মাস্টার, সদস্য আমির হোসেন, রফিকুল ইসলাম সরকার প্রমুখ। 

সংবাদ সম্মেলনকে রহস্যজনক এবং স্থানীয় আওয়ামী লীগের দুপক্ষের কোন্দলের ফসল বলে মনে করছেন অনেকে। অপর দিকে, এ সংবাদ সম্মেলন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি বলে মনে করেছেন স্থানীয় সাংবাদিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত