কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মৃতদের মধ্যে সাতজন করোনা আক্রান্ত আর তিনজনের করোনা উপসর্গ ছিল।
একই সময়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ৭৩৫টি নমুনা পরীক্ষা করে ২০৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ২১৯ জন আর উপসর্গ নিয়ে ৬১ জনসহ মোট ২৮০ জন চিকিৎসা নিচ্ছেন।
গ্রামাঞ্চলে সংক্রমিত রোগীদের অসচেতনতাকে অধিক মৃত্যুহারের জন্য দায়ী করছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি বলেন, তারা আক্রান্ত হয়েও সময় মতো নমুনা পরীক্ষা না করা এবং অক্সিজেন লেভেল একেবারে নিচে নেমে গেলে আসছেন হাসপাতালে। হাসপাতালে আসার পর এসব রোগীদের সব রকম চিকিৎসা দিয়েও রক্ষা করা যাচ্ছে না।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৮ শতাংশ।
তিনি জানান, এ সময়ের মধ্যে করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৭ জনে।
