টেক্সাসে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্য নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১২:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার পুলিশ সদস্য। হামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার অঙ্গরাজ্যের লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। খবর সিএনএন।

লিভল্যান্ড পুলিশের প্রধান অ্যালবার্ট গার্সিয়া জানান, এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানান তার প্রতিবেশী অস্বাভাবিক আচরণ করছেন। তার হাতে বন্দুকের মতো কিছু একটা রয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে একটি কালো গাড়ি দেখতে পায়। সেটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। পুলিশ ওই গাড়িতে থাকা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইলে একপর্যায়ে তিনি দরজা খুলে পুলিশের ওপর গুলি চালান। এতে সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গোলাগুলির পর গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট বার্টলেট নামের এক পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।

পার্শ্ববর্তী লাবক শহরের পুলিশ কর্মকর্তা ক্যাসি ডেভিস জানান, এ ঘটনায় রাতেই ওমর সোতে চাভিরা (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত