দাউদকান্দিতে চুরি হওয়া গরু ফেরত পেতে বিক্ষোভ

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০১:১৬ এএম

দাউদকান্দিতে চুরি হওয়া গরু ফেরত পেতে এবং চোরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেয়।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, আটিপাড়া, বায়নগর ও মালিগাঁওসহ কয়েকটি গ্রাম থেকে দুই মাসে বেশকিছু গরু চুরি হয়েছে। গত সোমবার আটিপাড়া গ্রামের আওয়ালের ছেলে মো. আরিফের বাড়িতে চুরির পাঁচটি গরু দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে গরুগুলো স্থানীয় নুরুল ইসলাম ও হাসান মেম্বারের জিম্মায় রেখে যায়।

হাসান মেম্বার বলেন, আমরা গৌরীপুর পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেনের সঙ্গে কথা বলে জিম্মার দায়মুক্তি নিয়েছি। এখন আরিফ গরুগুলো বিক্রি করে ফেললে আমাদের কিছু করার নেই। এ বিষয়ে এএসআই আলমগীরের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।

বায়নগর গ্রামের মোসলেম মিয়া ও মালিগাঁও গ্রামের তমিজ উদ্দিন বলেন, ‘আমরা পুলিশের সামনে আরিফের বাড়িতে আমাদের চুরি হওয়া গরুগুলোকে শনাক্ত করেছি। আমরা আরিফের বিচার এবং শনাক্ত করা গরু ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চাই।’

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, শনাক্ত হওয়া গরুর মালিকানা যাচাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। আর লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত