দৌলতদিয়া ঘাটে যানবাহনে চাপ

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০২:০২ পিএম

অতিরিক্ত যানবাহনের চাপে প্রায় অচল অবস্থা হয়ে গেছে দৌলতদিয়া ফেরি ঘাটে। একদিকে পশুবাহী ট্রাক বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ অন্যদিকে পদ্মায় পানি বৃদ্ধি হওয়ায় বেড়েছে স্রোতের ফলে ফেরি চলাচল হচ্ছে ব্যাহত।

ফেরি চলাচল বিঘ্ন ঘটায় সৃষ্টি হচ্ছে ঘাটে দীর্ঘ লাইন। এসব গাড়ির চাপে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৮ শতাধিক যানবাহন।

এতে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী পশুবাহী ট্রাকগুলো। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো।

সরেজমিন শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাক রয়েছে।

ঢাকা-খুলনা মহাসড়কের ফেরিঘাট এলাকা সচল রাখতে ব্যক্তিগত প্রাইভেটকারগুলোকে গ্রামীণ সড়ক দিয়ে ফেরিঘাটে আসার ব্যবস্থা করছে পুলিশ।

গোয়ালন্দ ফেরিঘাট এলাকায় আসা পশু ব্যবসায়ী লুতফর রহমান দেশ রূপান্তরকে বলেন, ৭/৮ ঘণ্টা হয়ে গেল ফেরির জন্য অপেক্ষায় রয়েছি। আমাদের ফেরিতে উঠতে আরও অনেক সময় লাগবে।

এ সময় তিনি আরও বলেন, এই নৌরুটে ফেরি সংখ্যা বৃদ্ধি করা দরকার। ফেরি সংখ্যা বাড়ালে ভোগান্তি অনেকটা কমে যেত।

এ সময় দৌলতদিয়া ফেরিঘাটে আটকে পড়া বাস চালকেদের অনেকেই বলেন, বর্তমানে দৌলতদিয়া ফেরিঘাটে আমাদেরে আট থেকে দশ ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হচ্ছে। দীর্ঘক্ষণ আটকে থাকার জন্য বাসের সিডিউল ওলটপালট হয়ে যাচ্ছে। ঢাকমুখী যাত্রীরা অনেকেই গাড়ি থেকে নেমে যাচ্ছে এবং আমাদের কাছে টাকা ফেরত চাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে।

তিনি আরও বলেন, স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আর এই কারণে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত