আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ: তামিম

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০:২৬ পিএম

রেকর্ড গড়া জয়ে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। যে জয়ের ইতিবাচক দিকগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক তামিম ইকবাল।

লিটন দাসের সেঞ্চুরির পর সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। সুবাদে বাংলাদেশ পেয়েছে ১৫৫ রানের জয়। দেশের বাইরে যা বাংলাদেশের সবচেয়ে বড় জয়। লিটন-সাকিবের পারফরম্যান্স ছাড়াও ম্যাচে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৫ বলে ২৬ রান করেন। ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৩৪ বলে ৪০ রানের জুটি হয়েছে আফিফের। সপ্তম উইকেটে ৪২ বলে ৫৮ রান যোগ করেন মিরাজ ও আফিফ। এর আগে লিটনের সঙ্গে মাহমুদউল্লাহ ৯৩ রান যোগ করেন। মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৫২ বলে ৩৩ রান। লিটন খেলেছেন ১১৪ বলে ১০২ রানের ইনিংস।

শনিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় তামিম প্রথম ম্যাচ প্রসঙ্গে বলছিলেন, ‘একটা কথা সব সময় বলি, জুনিয়রদের পারফর্ম করতে হবে। এটা নিয়ে অনেক আলোচনা হয়। আমরাও বলেছি। কাল এ ক্ষেত্রে আদর্শ ম্যাচ ছিল। যেখানে লিটন বেশ দায়িত্ব নিয়ে একটা ইনিংস খেলেছে। আর সব সময় ১০০ বা ৫০ নিয়ে কথা বলা খুব সহজ। কিন্তু আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ।’

তামিম আরো বলেন, ‘আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে ওই ইনিংসটা না খেললে ২৭০ রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। আমার কাছে মনে হয় এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ। যেটা আমি পছন্দ করি।’

সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত