পটুয়াখালীর দুমকিকে ট্রাকভর্তি প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণুর একটি বিশাল চালান আটক করেছে র্যাব। গতকাল শনিবার ভোরে উপজেলার লেবুখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়। এ সময় রেণু বহন করা ট্রাকটি জব্দ ও চালকসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ফেরিঘাট সংলগ্ন বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকা থেকে র্যাব-৮ এর একটি দল ট্রাকভর্তি চিংড়ি রেণুর চালানটি আটক করে। জব্দকৃত চিংড়ি রেণুর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। অবৈধ রেণু পরিবহনের দায়ে ট্রাক থেকে চালকসহ ১৮ জনকে গ্রেপ্তার করে দুমকি থানায় হস্তান্তর করা হয়।
পরে আটক ১৮ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। ৪ জনকে দুই মাস এবং ১৩ জনকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়। বাকি একজনকে ৫০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দন্ড প্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
