যশোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:২৮ পিএম

যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় শনিবার সকালে ট্রাক, পিকআপভ্যান ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আব্দুল আলিম (৩৫) এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম (৫২)।

আহতদের মধ্যে দুইজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত ও আহতদের স্বজনদের উদ্ধৃত করে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক শাহজাহান আহমেদ জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যাপারী একটি পিকআপে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং ৯ জন আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এ ছাড়া আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার শিকার দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত