ঢাকার কেরানীগঞ্জে ১০০ টাকার জন্য বন্ধুদের হাতে মো. সাগর (১৯) নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার কেরানীগঞ্জের কদমতলী নুর ইসলাম কমান্ডার চত্তরে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় সাগরকে স্যার সলিমুল্লাহ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
সাগরের মামতো ভাই মো. রবিন জানায়, সাগর মূলত একজন লেগুনা ড্রাইভার। তার বাবার নাম জমির উদ্দিন। সাগর পরিবারের সঙ্গে শুভাঢ্যা পশ্চিম পাড়ায় রবিন মেম্বারের বাড়িতে ভাড়া থাকতো। শুক্রবার সাগর ও তার বন্ধুদের সঙ্গে ১০০ টাকা নিয়ে ঝগড়া লাগে। ঝগড়ার কারণে বন্ধুরা দুটি পক্ষ হয়ে যায়। ১০০ টাকা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।
একপর্যায়ে রুবেল, রবিন, শামীম, জুয়েল, রতনসহ আরো তিন-চারজন সাগরকে মারবে এবং হাত-পা ভেঙে দেবে বলে হুমকি দেয়।
এরপর শনিবার সাগর সারাদিন গাড়ি চালিয়ে সন্ধ্যার সময় কদমতলী আসে। এ সময় অপর পক্ষের কয়েকজন ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করে।
রবিন বলেন, লোকমারফত শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সাগর আহত অবস্থায় পড়ে আছে এবং ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করে। পরে আমরা থানায় খবর দিই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ ঘটনায় নিহতের বাবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
