করোনাকালে অসহায়দের পাশে ঈদ সামগ্রী উপহার নিয়ে পুনাক

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৪:৪৯ পিএম

করোনাকালে কঠোর বিধিনিষেধে পড়ে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে গত ৪ জুলাই থেকে শুরু করেছিলেন দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম। পুনাক'র তহবিল থেকে নয়, নিজেদের আয়োজনে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন পুনাক নেতৃবৃন্দ।

জীশান মীর্জার নেতৃত্বে সরকারি বিধি-নিষেধ শুরু হওয়ার পর থেকে প্রতি রাতে ও সকালে পুনাকের একাধিক টিম রাজধানীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রান্না করা খাবার তুলে দিয়েছে ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষের হাতে।

এই মানবিক উদ্যোগের চলমান কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকাল দশটায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে পুনাক।

পুনাক সভানেত্রী জীশান মীর্জা নিজে উপস্থিত থেকে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস ও প্যাকেট করা খাবার বিতরণ করেন।

তিনি এ সময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের প্রতি আরও বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পুনাক'র অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত