বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এক দিন এগিয়ে এসেছে সিরিজটি, শেষ হবে পূর্বের সূচির দুদিন আগে।
সোমবার এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানায়, টি-টোয়েন্টি সিরিজটি এগিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ও জেডসি সমঝোতায় পৌঁছেছে।
পূর্ব ঘোষিত সূতিতে ২৩, ২৫ এবং ২৭ জুলাই টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচিতে যা ২২, ২৩ এবং ২৫ জুলাই অনুষ্ঠিত হবে।
সম্প্রচার প্রতিষ্ঠানের অসুবিধার কারণে সিরিজের সময়সূচিতে এই পরিবর্তন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রচার প্রতিষ্ঠান সময়সূচি ও লজিস্টিকসে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেসবের কথা ভেবেই সূচিতে বদল আনতে রাজি হয়েছে জেডসি ও বিসিবি।’
হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগের সূচি অনুযায়ীই মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে।
