সময় পেলে আগের সব অর্ডার গ্রাহকের হাতে পৌঁছে দিতে পারবেন বলে দাবি করেছেন ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।
সোমবার নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ দাবি করেন তিনি।
এর আগে গ্রাহক ও মার্চেন্টদের সুরক্ষা এবং ই-কমার্স খাতের ওপর নেতিবাচক প্রভাব প্রতিরোধের লক্ষ্যে বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে ইভ্যালিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
ইভ্যালিকে নোটিশের জবাব ও ব্যবসা পদ্ধতি জানানোর সময় দেওয়া হয়েছে আগামী ১ আগস্ট পর্যন্ত। কারণ দর্শানোর সঙ্গে ছয়টি বিষয় আবশ্যিকভাবে জানাতে হবে ইভ্যালিকে।
রাত পৌনে ১০টার পরে রাসেল তার ফেইসবুকে লেখেন, ''বাণিজ্য মন্ত্রণালয় চাচ্ছেন কেউ যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন। আমাদের সবারই উচিত পদক্ষেপগুলোকে সাধুবাদ জানানো। কেউ ক্ষতিগ্রস্ত না হতে হলে সর্বপ্রথম আমাদের বর্তমান নীতিমালা মেনে বিজনেস করতে দিতে হবে। যে নীতিমালার আলোকে গ্রাহকদের টাকা সম্পূর্ণ নিরাপদ।
কিন্তু মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে যে সব গণমাধ্যম লিকুইডিশন এর হেডলাইন করে, সেটির পরিস্কার বিবৃতি না আসলে মন্ত্রণালয়ের সঠিক উদ্দেশ্য সফল হবে না।
আবার এসব গণমাধ্যমের ভুল ব্যাখ্যার (যদি হয়ে থাকে) জন্য আমাদের বর্তমান বিজনেস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংক, মোবাইল ফাইনান্সিং সার্ভিস, গেটওয়ে, আমাদের সম্মানিত ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।
আমরা অবশ্যই আমাদের সামগ্রিক পরিকল্পনা মন্ত্রণালয় কে জানাব। আমাদের এতদিনের কার্যক্রম সবই ছিল একটি প্রফিটেবল ইকমার্স দাঁড় করানো, যা থেকে আমরা যেন বলতে পারি দেশের একটি কোম্পানি এই সময়ে সবচেয়ে বড় ব্যাবসায়িক জায়গায় বিদেশি বড় কোম্পানিকে পিছনে ফেলে লিড দিচ্ছে।
আজ ইকমার্স, ফুড ডেলিভারি, টিকেটিং, স্বাস্থ্যসহ সব সেক্টরের লিডিংয়ে যাচ্ছে ইভ্যালি।
আমাদের বিদেশ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা শুধু সবার কাছে কিছুটা সময় চাই। নতুন নীতিমালায় আপনাদের টাকা আমাদের হাতে আসার কোনো সুযোগ নাই, যদি আপনারা পণ্য না পান। আমরা কিছুটা সময় পেলে সব পূর্বের অর্ডার অবশ্যই ডেলিভারি করতে পারব।
এ অবস্থায় আমাদের ব্যাবসায়িক পরিবেশ ঠিক থাকা অত্যাবশ্যক। আমরা আশা করি মন্ত্রণালয়ে এবং বাংলাদেশে ব্যাংক
আমাদের এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করবেন। বিস্তারিত আমি লাইভে বলব ইনশাল্লাহ।
সাথে থাকুন।''
এর আগের এক পোস্টে রাসেল লেখেন, ''ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে আমি লাইভে এসে অতীতের অর্ডার, সেলার পেমেন্ট, বর্তমান এবং ভবিষ্যতে নিয়ে বিস্তারিত পরিকল্পনা জানাব।
আমি কনফিডেন্টলি বলতে পারি বর্তমান নীতিমালা মেনে বিজনেস করে ইভ্যালি সব পেন্ডিং অর্ডার ডেলিভারি করবে। কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।
যারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন ইভ্যালি পুরাতন অর্ডার ডেলিভারি দিতে পারবে না, তাদের প্রতি অনুরোধ আপনাদের তো কিছুদিন দেখতে আপত্তি থাকার কথা না।
কারণ বর্তমান নীতিমালায় পণ্য সরবরাহের পূর্বে আমাদের হাতে টাকা আসার কোনো সম্ভাবনা নাই। আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ!!''
