গাইবান্ধা জেনারেল হাসপাতাল

রোগীর মৃত্যুর ঘটনায় দুই ডাক্তারকে মারধর, ভাঙচুর

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:৩৬ এএম

গাইবান্ধা সদর উপজেলার এক রোগীর মৃত্যুর ঘটনায় গত রবিবার সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের দুই চিকিৎসককে মারধর ও আসবাব ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ঘণ্টা জরুরি বিভাগ বন্ধ ছিল। এতে করে রোগী ও স্বজনরা পড়েন বিপাকে। এদিকে চিকিৎসকদের অবহেলায় মৃত্যুর অভিযোগ করেছেন এক রোগীর স্বজনরা।

মৃত জাহেদা বেগমের ছেলে জাহিদ মিয়া অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে তার মাকে নিয়ে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানকার চিকিৎসক তাকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে তাৎক্ষণিকভাবে তিনি মাকে নিয়ে ওই হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মায়ের ইলেকট্রোলাইটসহ তিনটি পরীক্ষা করতে বলেন। পরীক্ষা করার পর বিকেল সাড়ে তিনটার দিকে তার মাকে হাসপাতালে নিয়ে যান। তখন তাকে ভর্তি না করে পরদিন রক্ত দিতে বলেন চিকিৎসক। এর কিছুক্ষণ পর চিকিৎসার অভাবে তার মা মারা যান।

গাইবান্ধা সদর থানার পুলিশ ও জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার দুপুর থেকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সুজন পাল। সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার বোয়ালি গ্রামের জাহেদা বেগম (৫৫) নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে জাহেদার ছেলে জাহিদ মিয়া ও তার সঙ্গে থাকা লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তারা জরুরি বিভাগের চেয়ার-টেবিল ও জানালা ভাঙচুর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত