নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সামান্য গরুর ট্রাকের ভারেই ভেঙে পড়েছে রাস্তা। সোমবার রাত ১১ টার দিকে পৌরসভার রূপসী কাজীবাড়ি-টিআইসি মোড়ের রাস্তাটির প্রায় ১০ ফুট ভেঙে পড়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই বছর ধরে রূপসী কাজীবাড়ি-টিআইসি মোড় রাস্তাটি নির্মাণ করা হয়। রাস্তাটির দুপাশে পানি। রাস্তাটির পূর্বপাশে বিলের পানি ও পশ্চিম পাশে একটি কারখানার পানি ছাড়া হয়। কারখানার পানির কারণে রাস্তাটির মাঝের বালু ও মাটি সরে যায়।
সোমবার রাত ১১ টার দিকে কয়েকটি গরু নিয়ে একটি ট্রাক রাস্তাটির ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই রাস্তাটির প্রায় ১০ ফুট ভেঙে পড়ে।
রাস্তাটি ভেঙে যাওয়াতে এখান দিয়ে চলাচলরত মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। রাস্তা ভাঙা থাকার কারণে ১ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসী বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েছেন।
তবে, এ ব্যাপারে তারাব পৌরসভার সচিব তাজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনাকে ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখনই ব্যবস্থা নিচ্ছি।
