শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র ঋণের জালে গ্রামের সাধারণ মানুষ যেন আর জড়িয়ে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয়েছে। তারা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো বড় আকারের পুঁজিতে পরিণত করতে পারবে এ ব্যাংকের মাধ্যমে।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা হলরুমে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই ব্যাংক গঠন করা হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেয়া যাচ্ছে।
গ্রামের মানুষ যেন ঋণের জালে আবদ্ধ না হয়ে নিজের পুঁজি গঠন করতে পারে, সে জন্যই এ ব্যাংক গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর করোনাকালে ক্ষতিগ্রস্তদের মাঝে সহজ শর্তে আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঝণ নিয়ে লাভবান হচ্ছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে করোনা ভ্যাকসিনের গণটিকাদান শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, করোনা বৈশ্বিক সমস্যা। আমরা করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি। দেশের প্রতিটি উপজেলায় এখন করোনা ভ্যাকসিন পৌঁছে গেছে। যার ফলে দেশে একযোগে গণটিকাদান করা হচ্ছে।
মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের জন্য একটি ভবন নির্মাণ করে দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তারা সমাজের ভালো-মন্দ দিকগুলো কলমের মাধ্যমে সকলের কাছে তুলে ধরে। মনোহরদী প্রেস ক্লাবের কোনো ভবন নাই। অতি শ্রীর্ঘই উপজেলার সাংবাদিকদের জন্য আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করে দেয়া হবে।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা সুলতানা রুবি, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, মনোহরদী পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক তাওহীদুল ইসলাম প্রমুখ।
পরে শিল্পমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক মনোহরদী শাখার সম্প্রসারিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। পল্লী সঞ্চয় ব্যাংকের একতলা ভবনটি মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ দশ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ করছেন।
