নিজেদের শততম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৫৩ রান।
টাইগারদের বিপক্ষে হারারেতে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে লড়াকু পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভার খেলতে না পারলেও ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান করেছে তারা।
জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে তিনি সাজঘরে ফেরান তাদিওয়ানাশে মারুমানিকে (৭)।
এরপর স্বাগতিকদের রানের গতি সচল রাখেন আরেক ওপেনার ওয়েসলি মাধেভেরে ও উইকেটরক্ষক রেগিস চাকাবা। দুজনের ৩৮ বলে ৬৪ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। নিজের বলে নিজেই ক্যাচ ধরে মাধেভেরেকে (২৩) ফেরান তিনি।
ভয়ঙ্কর হয়ে ওঠা চাকাবাকে ফিফটি করতে দেননি সাড়ে ৪ বছর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলতে নামা নুরুল হাসান সোহান। জিম্বাবুয়েন উইকেটরক্ষককে রান-আউট করেন টাইগার উইকেটরক্ষক। চাকাবার ২২ বলে ৪৩ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ২ ছয়ে।
এর পরপরই অধিনায়ক সিকান্দার রাজাকে ডাক উপহার দেন শরিফুল ইসলাম। নিজের দ্বিতীয় উইকেট হিসেব ডিয়ন মায়ার্সকে (৩৫) বোল্ড করেন এই পেসার। এর আগে তারিসাই মুসাকান্দাকে (৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সৌম্য সরকার।
পরের দুই উইকেট লুক জংওয়ে (১৮) ও রায়ান বার্লকে তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দীন। জিম্বাবুয়ের শিবিরে আঘাতটা শুরু মোস্তাফিজকে দিয়ে। শেষটাও করলেন তিনি। পরের দুই উইকেট রিচার্ড এনগারাবা (০) ও ব্লেসিং মুজারাবানিকে (৮) বোল্ড করেন ফিজ। ৪ রানে অপরাজিত ছিলেন ওয়েলিংটন মাসাকাদজা।
