দ্রাবিড়ের টিপস নিয়েই শেষ বাজি জিতল শ্রীলঙ্কা!

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৭:৩৮ পিএম

ক্রিকেটার হিসেবে তিনি রয়েছেন কিংবদন্তিদের তালিকায়। খেলা ছাড়ার পর কোচ হিসেবেও দারুণ সফল। ভারতীয় ক্রিকেটের পাইপ লাইন তৈরিতে যার অবদান অনবদ্য। বলা হচ্ছে রাহুল দ্রাবিড়ের কথা। যিনি মানুষ হিসেবেও সবার আদর্শ।

একজন রাহুল দ্রাবিড় মানুষ হিসেবে কতটা মহান, তারই এক নতুন দৃষ্টান্ত মিলল ভারতীয় ক্রিকেট দলের চলমান শ্রীলঙ্কা সফরে। শুক্রবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বৃষ্টি বিরতির সময় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে ক্রিকেট অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা গেল দ্রাবিড়কে। প্রেমদাসা স্টেডিয়ামের এই দৃশ্য ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জিতে নেয় ৩ উইকেটে (ডি/এল)। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেকে এমনও বলছেন, দ্রাবিড়ের কাছ থেকে টিপস নিয়েই ভারতকে হারাল শ্রীলঙ্কা! প্রথম দুই ওয়ানডে জিতে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারত অবশ্য আগেই সিরিজ নিশ্চিত করেছিল।

ঘটনাটা ভারতের ইনিংসের সময়। ওভার গড়িয়েছিল ২৩। স্কোর বোর্ডে তখন ধাওয়ান বাহিনী তুলেছে ৩ উইকেটে ১৪৭। এরপরেই শুরু হয় বৃষ্টি।

বৃষ্টি থামতেই একে একে সকলেই মাঠে ফিরে। কেউ পিচ দেখছেন, তো কেউ মাঠের আউট ফিল্ড দেখছেন। এমন সময় টেলিভিশনের ক্যামেরায় ভেসে উঠল সেই দৃশ্য। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে। ছবিতে পরিষ্কার, দ্রাবিড় যেন কী বোঝাচ্ছেন শানাকাকে।

দ্রাবিড় ও শানাকা নিজেদের মধ্যে কী নিয়ে কথা বলছিলেন তা কেউ হয়তো জানতে পারেনি। তবে সকলেই বুঝতে পারছিলেন তাদের মধ্যে ক্রিকেট স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা চলছিল।

ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের অবদান তো সবার জানা। তার অধীনেই ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারত। দেশটির বেশির ভাগ তরুণ ক্রিকেটার যে দ্রাবিড়ের কাছ থেকেই নিজেদের মনোবল বাড়াচ্ছেন তা জানতেন শ্রীলঙ্কার অধিনায়ক। এ কারণেই নিশ্চয়ই দ্রাবিড়ের কাছ থেকে টিপস নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।

রবি শাস্ত্রীর অধীনে ভারতের মূল দল এখন ইংল্যান্ড সফর করছে। তাই দ্রাবিড়কে কোচ করে ভারতের অন্য আরেকটি দল শ্রীলঙ্কায় পাঠিয়েছে বিসিসিআই।

ওয়ানডে সিরিজ শেষে রবিবার থেকে শুরু হবে শ্রীলঙ্কা-ভারত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত