ভারত মহাসাগরের দ্বীপদেশ মাদাগাস্কারের প্রেসিডেন্টকে হত্যার চক্রান্তে জড়িত সন্দেহে ফ্রান্সের এক নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির জননিরাপত্তা মন্ত্রী জানিয়েছেন। এ ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দ্বিতীয় আরেক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশটির জননিরাপত্তা মন্ত্রী রোডেলিস ফ্যানোমেজানসোয়া রানড্রিয়ানারিসন বলেছেন, ‘গ্রেপ্তারদের মধ্যে একজন ফরাসি, দুইজন মালাগাসি ও ফ্রান্সের দ্বৈত নাগরিক, বাকি তিনজন মালাগাসির।’ একই দিন মাদাগাস্কারের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, কয়েক মাস ধরে তদন্ত করার পর পুলিশ এই ছয়জনকে গ্রেপ্তার করেছে।
প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোলিনার উপদেষ্টা প্যাট্রিক রাজোলিনা শুক্রবার জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে দুইজন আগে ফ্রান্সের সামরিক বাহিনীতে কাজ করতেন। প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফরাসি নাগরিকদের গ্রেপ্তারের কথা তাদের জানানো হয়েছে এবং তারা চাইলে কনস্যুলার সহায়তা পেতে পারে। ফ্রান্সের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
