চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার রাতে রায়পুর গ্রামের বাদিল্লার বাড়িতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিত-া হয়। এ সময় ওই বাড়িতে বেড়াতে আসা পাশর্^বর্তী চুন্নাপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহেদ একটি পক্ষ নেন। এতে ওই বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে শাহেদ ওই বাড়ি ত্যাগ করে নিজ বাড়িতে চলে যান।
এ ঘটনায় পরদিন সকালে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক বসার কথা ছিল। শনিবার সকালে লোকজন নিয়ে শাহেদ ওই বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ওই সময় বাদিল্লা বাড়ির লোকজন স্থানীয় মসজিদের মাইকে ডাকাত আসছে বলে ঘোষণা দেয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষের লোকজনকে ডেকে সালিশ বৈঠকের মাধ্যমে কয়েক দিনের মধ্যে বিষয়টি মীমাংসা করা হবে।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
