গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ডাকঘর এলাকায় একটি বাসার সামনে থেকে গতকাল রবিবার সকালে পলিথিনে মোড়ানো দুটি পেট্রল বোমাসদৃশ ও তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এগুলো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না তা নিশ্চিত হতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য বস্তুগুলো কেউ বাসার সামনে রেখে দিয়ে গেছে।
সাদুল্লাপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাসার গেটের সামনে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পান বিজিবির সাবেক সদস্য মো. নুরুল আমিন। এতে পলিথিনের মধ্যে দুটি বোতল দেখে সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ওসি মো. মাসুদ রানা বলেন, উদ্ধার করা পলিথিনের ব্যাগটিতে দুটি বোতলের ভেতরে কাপড় ঢোকানো ছিল। তবে এতে পেট্রল বা কোনো দাহ্য পদার্থ ছিল না। এছাড়া ব্যাগটিতে কালো স্কচটেপ ও বৈদ্যুতিক তার দিয়ে পেঁচানো তিনটি ককটেলসদৃশ বস্তুও ছিল। সেগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ওসি আরও বলেন, উদ্ধার করা বস্তুগুলো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না তা নিশ্চিত হতে রংপুরে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
