ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুপ্তারা এলাকায় লিন্ডে বাংলাদেশ উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে লিন্ডের কারখানায় ২০০ মেট্রিকটন অক্সিজেন সংরক্ষণ সম্পন্ন হয়।
লিন্ডে বাংলাদেশের পিয়ার এজেন্সি কর্মকর্তা রেহেনুমা তারান্নম দেশ রূপান্তরকে অক্সিজেন সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
রেহেনুমা তারান্নম জানান, ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন খালাসের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুপ্তারা এলাকায় লিন্ডে বাংলাদেশ উৎপাদন ও বিক্রয় কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরে তা কভিড-১৯ হাসপাতালে সরবারহ করা হবে।
ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামের একটি ট্রেন বেনাপোল হয়ে সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছায়। সেখানে আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ, পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে সোমবার বেলা ১২টার দিকে খালাস শুরু হয়। বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ থেকে ২০০ মেট্রিক অক্সিজেন রূপগঞ্জের কারখানায় পাঠানো হয়। বিকেলের মধ্যে পুরো অক্সিজেন রূপগঞ্জের কারখানায় সংরক্ষণ করা হয়।
