সুন্দরবন নানা কারণে বর্তমানে বিপদজনক অবস্থানে দাঁড়িয়েছে বলে মনে করছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভাপতি সুলতানা কামাল।
সোমবার সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, সুন্দরবন নিয়ে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির সর্বশেষ বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, “সুন্দরবন ইস্যুতে সরকার বিশ্ব ঐতিহ্য কমিটির সদস্যদের সাথে দেন-দরবার করেছে বলে মনে হয়। সেটির প্রমাণ গত ৪৪তম সভায় স্পষ্টভাবে বোঝা যায়। রাজনীতি দেশের ও জনগণের স্বার্থে হচ্ছে নাকি মুষ্টিমেয় মুনাফালোভীদের স্বার্থে হচ্ছে তাও জাতিকে বুঝতে হবে।”
তিনি বলেন,“সুন্দরবন ইস্যুকে কেন্দ্র করে নিজ সংগঠনের এবং গণমাধ্যমের পক্ষ থেকে একটি শক্ত মনিটরিং টিম গঠন করতে হবে। আজকে আমরা অত্যন্ত হতাশা ও ক্ষোভের সাথে বিশ্ব ঐতিহ্য কমিটির গত ৪৪তম সভার সুপারিশের প্রতিক্রিয়া ব্যক্ত করছি।”
শুক্রবার চীনের ঝুঝোও শহরে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও ঐতিহ্যবিষয়ক সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৪তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী বছর কমিটির ৪৫তম সভায় সুন্দরবনকে ‘বিপন্ন বিশ্ব ঐতিহ্য’ ঘোষণা করা হবে- কি হবে না, সে সিদ্ধান্ত হবে।
সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, “বিশ্ব ঐতিহ্য কমিটির গত ৪৪তম সভায় বিশ্বের ১৯৯টি বিশ্ব ঐতিহ্য বিষয়ে বিশ্লেষণ ও আলোচনা করা হয় যার মধ্যে সুন্দরবন বিষয়টিও ছিল। কমিটি তার দুর্বল সিদ্ধান্তের মাধ্যমে সুন্দরবনের ঐতিহ্য সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে ব্যার্থ হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটির সদস্যরা রাজনৈতিক বিবেচনাকে বিজ্ঞান এবং আদর্শের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।”
ওয়ার্ড হেরিটেজ ওয়াচের চেয়ারম্যান স্টিফেন ডমপকে বলেন, “বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশন চলাকালীন আমরা কার্যত শক্তিহীন ছিলাম। সুতরাং আমাদের জনসাধারণের দ্বারা চাপ সৃষ্টি করা ও সচেতনতা বৃদ্ধি করা এখন অবশ্য করণীয়।“
অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক আব্দুল আজিজ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ্ হারুন চৌধুরী, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম রহমান, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বিশ্ব ঐতিহ্য কমিটির সভায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির পক্ষে অংশগ্রহণকারী পরিবেশ আন্দোলন কর্মী তন্বী নওশীন।
