সাভারের নয়ারহাট এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীকে গলা কেটে হত্যার পর তার স্বামী সাব্বির আলীও (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছে।
এ ঘটনায় সোমবার সকালে পুলিশ নিহত স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে এবং আহত স্বামীকে উপজেলার গণস্বাস্থ্য হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের নাম রেবা বেগম (৪০)। তার স্বামী সাব্বির আলী দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে উপজেলার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় বসবাস করে সিকিউরিটি গার্ডের চাকরি করে আসছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলায় জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নিহতের ছেলের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, সংসারে অভাব-অনটনের কারণে নিহত রেবা ও স্বাব্বির আলী দম্পতির মাঝে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হতো। সোমবার ভোরেও পারিবারিক কলহের জেরে বাক-বিতণ্ডার একপর্যায়ে স্বামী সাব্বির আলী স্ত্রী রেবার গলায় ধারালো কাঁচি দিয়ে আঘাত করে। পরে সে নিজেও আত্মহ্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসকেরা রেবা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাব্বির আলীকে পুলিশ পাহারায় ওই হাসাপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। বিষয়টি এখনও তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।
