খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে চালু হয়েছে ডিজিটাল আর্কাইভ। বুধবার প্রয়াত শিল্পী ৯১তম জন্মবার্ষিকীতে এক ওয়েবিনারের মাধ্যমে উদ্বোধন হয় এই সংগ্রহশালা।
www.ferozabegum.com নামের এই ডিজিটাল আর্কাইভে রয়েছে সংগীত, সাক্ষাৎকার, প্রতিবেদনসহ দুর্লভ সব সংগ্রহ। ফিরোজা বেগমকে নিয়ে এই আয়োজন করেছে এসিআই ফাউন্ডেশন।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “ফিরোজা বেগম আজীবন একনিষ্ঠভাবে নজরুলসংগীত সাধনা করেছেন। ফিরোজা বেগম নজরুল দর্শনকে শুধু আত্মস্থই করেননি, এর প্রচারও করেছেন। সারা বিশ্বে নজরুলের গানকে ছড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
ফিরোজা বেগমের সহোদর ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস উদ দৌলার পাঠানো বক্তৃতা পড়ে শোনান অনুষ্ঠান সঞ্চালক সাদিয়া আফরিন মল্লিক।
“শিল্পী ফিরোজা বেগমের ঐশ্বরিক কণ্ঠ এবং তার একাগ্র সাধনায় নজরুলসংগীত এই উপমহাদেশে জনপ্রিয় করে তোলেন। এ মহান শিল্পীর জীবন ও কর্মের অনেকটাই এই আর্কাইভে সংরক্ষিত আছে। অনুরোধ করব, কারও কাছে গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন থাকলে আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা সম্মানের সঙ্গে তা এই আর্কাইভে সংরক্ষণ করব।”
আরও ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সংসদ সদস্য ও সাস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, শিল্পী মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, ফিরোজা বেগমের ভাই সাবেক সচিব ও গীতিকার মোহাম্মদ আসাফ উদ দৌলাহ্, ছেলে শাফিন আহমেদসহ অনেকে। তারা স্মৃতিচারণার পাশাপাশি এ মহান শিল্পী জীবন-কর্ম বলেন।
কলকাতা থেকে এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পী অনুপ ঘোষাল। ভিডিও বার্তা পাঠান আরতি মুখার্জী, হৈমন্তী শুক্লা, শ্রীকান্ত আচার্য প্রমুখ। অনুষ্ঠানের শেষ দিকে ফিরোজা বেগমকে নিয়ে সংগীত পরিচালক আজাদ রহমানের একটি ধারণকৃত বক্তব্য প্রচার করা হয়।
