বল তুলে আনতে পদ্মায় নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১১:৪৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাটসংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে যান তারা।

তারা হলেন ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাসিন্দা বাবুল কবিরাজের ছেলে ইউসুফ আলী (১৯) ও কুমির উদ্দিনের ছেলে একাদশ শ্রেণির ছাত্র সামিরুল ইসলাম সম্রাট (১৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইউসুফ ও সামিরুলসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিলেন। এ সময় ফুটবল নদীতে গিয়ে পড়ে। ইউসুফ ও সামিরুল বলটি তুলে আনতে নদীতে নামেন। কিন্তু তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যান। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও কোনো সন্ধান পাননি। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, গতকাল দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নদীতে নেমে দুজনের নিখোঁজের সংবাদ পেয়ে আমাদের ভেড়ামারা ইউনিটের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় ইতিমধ্যে খুলনা থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। তারা এসে পৌঁছলে নিখোঁজ দুজনকে উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত