শ্রমিকদের ফ্যাক্টরিতে আসতে বলায় সমালোচিত অনন্ত জলিল

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০:১৮ পিএম

জনপ্রিয় চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল তার মালিকানাধীন গার্মেন্টস-এর শ্রমিকদের ১লা আগস্ট কাজে যোগদানের আদেশ দিয়ে সমালোচিত হচ্ছেন। সম্প্রতি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে গার্মেন্টকর্মীদের উদ্দেশ্যে কাজে যোগদান সংক্রান্ত ওই নোটিশ প্রকাশ করেন। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই আগামীকাল (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এর প্রেক্ষিতে চিত্রনায়ক তার শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শ্রমিকদের আগামীকাল (রবিবার) থেকে কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।

একদিকে লকডাউন অন্যদিকে কারখানা খোলার নোটিশে বেকায়দায় পড়েছেন শ্রমিকেরা। চাকরি বাঁচাতে অনেকেই পায়ে হেঁটেই ঢাকামুখী হচ্ছেন। এমতাবস্থায় অনন্তর এই নির্দেশ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনা। অনন্তর ওই পোস্টের নিচেই অনেকেই সমালোচনা করছেন।

ফাতেমা তিথি নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনি সব সময় বলেন আপনি শ্রমিক বান্ধব, এই তার নমুনা? আপনার সিনেমায় যেমন ক্ষমতা থাকে শ্রমিকদের তো তা নেই, একটাবার চিন্তা করলেন না গণপরিবহন না চললে কীভাবে তারা ফিরবে? শ্রমিকদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলে ফেলুন, নয়তো গণপরিবহন চালুর ব্যবস্থা করুন।’

মাহবুব নামে একজন লিখেছেন, ‘শিল্পকারখানা খুলবে ১ তারিখে আর লকডাউন ৫ তারিখ পর্যন্ত। তবে গ্রামে আটকা পড়া শ্রমিকেরা কি স্পেসশিপে করে ঢাকায় পৌঁছাবে?’

image

আরিফুল ইসলাম মুরাদ মন্তব্য করেছেন, ‘৫ তারিখ পর্যন্ত লকডাউন রেখে এক তারিখে শ্রমিকদেরকে ফ্যাক্টরিতে হাজির হতে বলাটা কোন ধরনের বুদ্ধিমত্তার প্রকাশ তা আমার মাথায় খেলছে না!’

ফাহিম মোর্শেদ ইভান নামের একজন মজা করে লিখেছেন, ‘স্যার, কারখানা ‘The Factory’তে আসার জন্য গাড়ি ‘The Car’ দেবেন না?’’

কামরুল হাসান লিখেছেন, ‘অনন্ত সাহেব, 'কেউ যেন অনুপস্থিত না থাকে' যে বললেন, আচ্ছা তাদের আসার ব্যাপারে কতটুকু ব্যবস্থা নিয়েছেন? পরিবহনের ব্যবস্থা করেছেন কি?

হাসান মোল্লা নামের একজন লিখেছেন, ‘আপনারা গার্মেন্টস খোলার অনুমতি নিলেন কিন্তু লক ডাউন শিথিলের ব্যাপারে কোন কথায় বললেন না।এত এত মানুষ গ্রাম থেকে কেমনে যাবে সেই চিন্তা একবারো করলেন না।’

শামীম ওসমান নামের ক্ষুব্ধ একজন বলেছেন, ‘স্যার, বেয়াদবি মাফ করবেন। আপনারা ফ্যাক্টরি খোলার জন্য সরকারের বিভিন্ন মহলে দিনের পর দিন দৌড়া-দৌড়ী করেছেন। অথচ শ্রমিকদের যাতায়াত ব্যবস্থার ব্যাপারে কোনও ধরনের সুপারিশ করেননি। আপনারা নোটিশ দিচ্ছেন কেউ যেন অনুপস্থিত না থাকে।’

গাজী মোমিনা লিখেছেন, ‘অনন্ত সাহেব, সারাদেশে লকডাউন আপনার কি জানা নাই? লকডাউন উপেক্ষা করে শ্রমিকগণ কি করে কর্মস্থলে উপস্থিত থাকবে আপনার কি সেই সাধারণ জ্ঞানটুকুও নাই? শ্রমিকদের কি আপনার মানুষ বলে মনে হয় না? তাদের জীবন কি জীবন নয়? একটু বিবেচনাবোধ রাখা উচিত আপনাদের মতো মালিকদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত