বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে ঢাকাগামী পোশাক শ্রমিকদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।
রোববার দুপুর ১টায় ঢাকাগামী কয়েকটি বাসে উঠে পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের হাতে খাবার তুলে দেন ডা. মনীষা।
মনীষা চক্রবর্তী বলেন, শনিবার দিনভর দুর্ভোগ করে ট্রাকে, ভ্যানে এবং পিকআপে করে ঢাকায় পৌঁছাতে হয়েছে শিল্প কারখানার শ্রমিকদের। বাস বন্ধ রেখে শ্রমিকদের ওপর নির্যাতন করেছে সরকার।
তিনি বলেন, রোববার সকাল থেকে রাজধানীর উদ্দেশ্যে বাসে করে শ্রমিকরা রওনা শুরু করে। সকালে এই শ্রমিকদের হয়রানির প্রতিবাদে আমাদের দলীয় কর্মসূচী শেষে দুপুরে রান্না করা খাবার নিয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে যাই। সেখানে ঢাকাগামী বাসগুলোতে উঠে পোশা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। পথে যাতে তাদের খাবারের সমস্যা না হয় সে জন্য সবাইকে খাবার গ্রহণের অনুরোধ জানাই। আমাদের আহ্বানে সাড়া দিয়ে বাসের যাত্রীরা সকলেই খাবার গ্রহণ করে।
তিনি জানান, এখানে আমরা আমাদের কার্যক্রম ‘কমিউনিটি কিচেন’র মাধ্যমে ২৫০’র বেশি মানুষকে রান্না করা খাবার দিতে পেরেছি।
