যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর নবনির্মিত ব্রিজটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ’র) গেজেটবহির্ভূত ও নকশার অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। এ কারণে সরকার গৃহীত কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাধাগ্রস্ত হবে।
বাংলাদেশ নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের সহকারী পরিচালক শেখ রবিউল ইসলাম গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে বিআইডব্লিউটিএ’র আওতায় ৫৩টি গুরুত্বপূর্ণ নৌপথ খনন প্রকল্পের আওতায় যশোরের কপোতাক্ষ নদ রয়েছে। প্রথম ধাপে ২৪টি নৌপথ খননকাজ চলমান। দ্বিতীয় ধাপে কপোতাক্ষ নদ খনন করা হবে। ওই প্রকল্পের আওতায় ক্যাপিটাল ড্রেজারের মাধ্যমে খননকাজ করা হয়। ফলে এসব নদ-নদীর ওপর দিয়ে সেতু নির্মাণ করতে হলে বিআইডব্লিউটিএ’র ক্যাপিটাল ড্রেজার সেতুর নিচ দিয়ে যাতায়াত করতে পারবে এভাবে সেতু নির্মাণ সংক্রান্ত ছাড়পত্র নেওয়ার বিধান থাকলেও ঝিকরগাছায় কপোতাক্ষ নদের ওপর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে তা করা হয়নি। বিষয়টি দ্রুত সময়ের মধ্যে বিআইডব্লিউটিএ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।
এছাড়া বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের (পশ্চিম) যুগ্ম-পরিচালক আশরাফ হোসেন জানান, ব্রিজটি বিধিবহির্ভূতভাবে করা হয়েছে।
তিনি বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের ওপর ৩ লেনের ২টি সেতু নির্মাণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের গেজেট মানা হয়নি।
