জমির আইল (সীমানা) কাটাকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলায় দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত নয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলার কাইটাল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন নবাব আলী (৭৫) এবং তার পাঁচ ছেলে হেলিম (৩২), সেলিম (২৬), ওয়ালীউল্লাহ (২৮), ডালিম (২২) ও আলীম (৩০) এবং মানিক মিয়ার পরিবারের পক্ষে তার ভাই মান্নান (৩৫), হান্নান (৪০) ও আলম (২৫)। উভয়পক্ষের এই নয়জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মদন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এছাড়া আহত বাসির মিয়া নামে একজন মদন হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা সবাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও একে অপরের প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের মৃত ফয়জুদ্দিনের ছেলে নবাব আলী ও একই গ্রামের আবদুল হাইয়ের ছেলে মানিক মিয়ার তাদের বাড়ির অদূরে গোবিন্দপুর হাওরে পাশাপাশি জমি রয়েছে। গতকাল সকালে মানিক মিয়ার ভাই মান্নান ক্ষেতের আইল (জমির সীমানা) কাটার সময় নবাব আলীর ছেলে ডালিম বাধা দেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নবাব আলীর বাড়িতে দুই পরিবারের লোকজনের মাঝে ফের কথাকাটাকাটি শুরু হয় এবং তা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। অভিযোগ প্রাপ্তির পর সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
