বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম গাজীপুরে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির কনডেম সেলে বন্দী থেকেও করোনায় আক্রান্ত হয়েছেন।
তাকে সোমবার ওই কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।
তিনি বর্তমানে ওই হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফাঁসির কনডেম সেলে ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম একাই থাকতেন। গত ২৬ জুলাই তার মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাকে প্রথমে কাশিমপুর কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ওই দিনই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ৩১ জুলাই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।
আব্দুর রহিম কারাগারে ফাঁসির কনডেম সেলে একাই ছিলেন। তাহলে তিনি করোনা পজিটিভ কীভাবে হলেন- বিষয়টি নিয়ে কারাগারে বন্দী এবং স্টাফদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল জলিল বলেন, আব্দুর রহিম করোনা পজিটিভ। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে কারা অভ্যন্তরে করোনা বিস্তার রোধ করতে আরো সতর্কতা ও কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য কারা অধিদপ্তর থেকে কারাগার সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কারা কর্তৃপক্ষ।
