ঢিলেঢালা লকডাউন, কমেছে পুলিশের তল্লাশিচৌকি

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:৩০ এএম

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে ঢিলেঢালা ভাব লক্ষ করা গেছে। কমেছে পুলিশের তল্লাশিচৌকিও। গতকাল সোমবার ব্যক্তিগত ও নানা কারণে ঘর থেকে বের হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গণপরিবহন না থাকলেও কেউ হেঁটে, কেউবা রিকশায় গন্তব্যস্থানে গেছেন।

গতকাল ঢাকার সড়কে মানুষ এবং যানবাহনের সংখ্যা আগের দিনের তুলনায় বেশি দেখা গেছে। তবে কিছু কিছু স্থানে যারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তারাই পড়েছেন পুলিশের জেরার মুখে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বিধিলঙ্ঘন করে বাসার বাইরে আসায় গতকাল ৩৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত সড়কে বের হওয়ার কারণে ৩৬৬টি গাড়িকে ৮ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ফার্মগেটে দায়িত্বপালনকারী ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল করিম বলেন, লকডাউনে কোনো গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে না। প্রত্যেক গাড়িকে তারা কেন বের হয়েছেন তা জিজ্ঞাসা করা হচ্ছে। যারা বিনা কারণে বের হয়েছেন তাদের নামে ট্রাফিক আইনে মামলা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত