২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০১:২৯ পিএম

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে সোমবার জানা যায়, ইংলিশদের এই সফর আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে যাচ্ছে।

তবে মঙ্গলবার (৩ আগস্ট) ইংল্যান্ডের সফরে আসার বিষয়ে সূচি পুনঃনির্ধারণ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইংলিশদের বাংলাদেশ সফর পিছিয়ে গেল ১৮ মাস। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে ইংল্যান্ড।

বিসিবি ও ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) সফর পুনঃ নির্ধারণের বিষয়ে পারস্পরিকভাবে রাজি হয়েছে।

দুই ক্রিকেট বোর্ডের নিশ্চিত করা সফরসূচি অনুযায়ী, ইংল্যান্ড ক্রিকেট দল এখন ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে। এই সফরে টাইগারদের বিপক্ষে ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংলিশদের। তবে গতকাল ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, সিরিজটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইংল্যান্ড।

অন্যদিকে বিসিবি জানায়, সিরিজ এখনো স্থগিতের সিদ্ধান্ত হয়নি। কেবল আলোচনা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত