নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে অস্ত্রের মুখে প্রকাশ্যে দুই কিশোরের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়ার তিন ঘণ্টার মধ্যে পুলিশ ধারাল অস্ত্রসহ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া নগদ টাকাসহ মোবাইল সেটও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।
গ্রেপ্তার ছিনতাইকারীর নাম আশিকুর রহমান। তিনি কিশোরগঞ্জ জেলার সদর থানার ঝালুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি রূপগঞ্জ উপজেলার পাঁচাইখা এলাকার রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করে আসছিলেন।
ভুক্তভোগী মেহেদী হাসান ইমন জানান, তার বাড়ি কুমিল্লার জেলার মেঘনা থানার সেননগড় এলাকায়। বাবার নাম সেলিম মোল্লা। বন্ধু সিয়ামকে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে সকাল সাড়ে ৭টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে তাঁত বাজারে আসে। এসময় প্রকাশ্যে দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে চার ছিনতাইকারী সঙ্গে থাকা ৭ হাজার টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরে এ ব্যপারে তাৎক্ষণিক রূপগঞ্জ থানায় গিয়ে মেহেদী হাসান ইমন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের তিন ঘণ্টার মধ্যে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশক্রমে এসআই মেহেদী হাসান খাঁনসহ একদল পুলিশ ভুলতা এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তার সঙ্গে থাকা একটি ধারালো অস্ত্রসহ ছিনতাই হওয়া নগদ টাকাসহ মোবাইল উদ্ধার করে।
এলাকাবাসী অভিযোগ করে জানান, ভুলতা এলাকায় কিশোর গ্যাং রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায় সময় ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণসহ নানা অপরাধ করে বেড়াচ্ছে। বেশির ভাগ ঘটনাই ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঘটাচ্ছে গ্যাংয়ের সদস্যরা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া যেকোনো অপরাধী গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
